খাগড়াছড়ির পরিস্থিতি শান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা
সময়ের চিত্র ডেস্ক
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে বাধা সৃষ্টির উদ্দেশ্যে খাগড়াছড়িতে অশান্তি সৃষ্টি করার চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তিনি জানিয়েছেন, বর্তমানে পাহাড়ের পরিস্থিতি শান্ত রয়েছে এবং সেখানে কোনো জটিলতা নেই।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে খাগড়াছড়ি পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ধর্মীয় অনুষ্ঠান সর্বদা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া উচিত। কিছু গোষ্ঠী তা বিঘ্নিত করার চেষ্টা করেছিল, তবে তারা ব্যর্থ হয়েছে।”
এদিকে টানা তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে ১৪৪ ধারা বলবৎ রয়েছে। শহরে প্রবেশ ও প্রস্থানে তল্লাশি চালানো হলেও অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল এখনো বন্ধ রয়েছে। তবে জুম্মা ছাত্র-জনতার অবরোধ কিছুটা শিথিল করা হয়েছে।