সাতরাস্তায় অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি অব্যাহত

সময়ের চিত্র ডেস্ক:

 

রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে অবরোধ তুলে নিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। তবে তারা জানিয়েছেন, যান চলাচল আংশিকভাবে খুলে দেওয়া হলেও মোড়ে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

 

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা পলিটেকনিকসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চার দফা দাবিতে সড়ক অবরোধ শুরু করেন। প্রায় তিন ঘণ্টা চলা এ কর্মসূচির কারণে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়। পরে দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

 

আন্দোলনকারীরা জানান, তাদের চার দফা দাবি পূরণের বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। দাবিগুলো হলো—

১. ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকিদাতাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।

২. বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা।

৩. কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ছয় দফা দাবি ও সুপারিশ বাস্তবায়ন করা।

৪. ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন ব্যবস্থা চালু করা।

 

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. মাশফিক ইসলাম বলেন, শিক্ষকরা তাদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন। আজকের কর্মসূচিতে ঢাকা পলিটেকনিক, ঢাকা মহিলা পলিটেকনিকসহ চারটি প্রতিষ্ঠানের শিক্ষকও অংশ নেন।

এই বিভাগের আরো খবর