দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপ নিশ্চিত করল যারা

সময়ের চিত্র ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শেষ হলো আজ বুধবার (১০ সেপ্টেম্বর)। শেষ রাউন্ডে মাঠে নেমেছিল ১০ দল, যার মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, ইকুয়েডর এবং প্যারাগুয়ে আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছিল। তবে প্লে-অফের জন্য লড়াই চলছিল ভেনেজুয়েলা ও বলিভিয়ার মধ্যে।
১২তম রাউন্ডে সবচেয়ে বড় চমক দেখিয়েছে বলিভিয়া, যারা এল আলতোতে শক্তিশালী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে। এই জয়টি তাদেরকে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে নিয়ে আসে এবং আন্তমহাদেশীয় প্লে-অফে জায়গা নিশ্চিত করে। ১৯৯৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ এসেছে বলিভিয়ার সামনে।

সমীকরণ ছিল স্পষ্ট— বলিভিয়াকে জিততে হবে এবং ভেনেজুয়েলাকে হারতে হবে। শেষ পর্যন্ত তা ঘটেছে। মাতুরিনে কলম্বিয়ার কাছে ৬-৩ গোলে হেরে যায় ভেনেজুয়েলা যা বলিভিয়ার জন্য প্লে অফে খেলার সুযোগ করে দেয়।

দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি বিশ্বকাপ খেলবে ছয় দল— আর্জেন্টিনা, ইকুয়েডর, কলম্বিয়া, উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ে। এর মধ্যে ব্রাজিল, আর্জেন্টিনা এবং ইকুয়েডর আগেই তাদের টিকিট নিশ্চিত করেছে। গত সপ্তাহে উরুগুয়ে, প্যারাগুয়ে এবং কলম্বিয়া নিশ্চিত করে বিশ্বকাপের আসন। সপ্তম স্থানে থাকা দলকে খেলতে হবে মার্চে আন্তমহাদেশীয় প্লে-অফ।

তবে বলিভিয়া ঋণী থাকবে কলম্বিয়ার লুইস সুয়ারেজের কাছে। স্পোর্টিং ক্লাবের এই ফরোয়ার্ড ভেনেজুয়েলার বিপক্ষে একাই চার গোল করে দলকে ৬-৩ জয় এনে দিয়েছেন। দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাই ইতিহাসে এরকম ঘটনা ষষ্ঠবারের মতো ঘটেছে, যেখানে কোনো খেলোয়াড় এক ম্যাচে চার গোল করেছেন।

এর আগে এই কীর্তি গড়েছিলেন কিংবদন্তি জিকো (১৯৭৭), ব্রাজিলিয়ান ক্যারেকাও (১৯৮৯), চিলির ইভান জামোরানো (১৯৯৭, ৫ গোল), রোমারিও (২০০০) এবং লুইস সুয়ারেজ (২০১১)। তবে প্রতিপক্ষের মাঠে চার গোল করার রেকর্ড রয়েছে শুধু রোমারিও ও সুয়ারেজের।

এই বিভাগের আরো খবর