সময়ের চিত্র ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবিরের সাদিক কায়েম ও জিএস পদে একই সংগঠনের এসএম ফরহাদ বিজয়ের পথে এগিয়ে রয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ঘোষিত ছয়টি ভোটকেন্দ্রের ১৩টি হলের ফলাফলে এ চিত্র উঠে এসেছে।
কার্জন হল, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল, শারীরিক শিক্ষা কেন্দ্র, টিএসসি, সিনেট ভবন এবং উদয়ন স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে অনুষ্ঠিত বিভিন্ন হলের ঘোষিত ফলাফল অনুযায়ী ভিপি পদে সাদিক কায়েম এখন পর্যন্ত ১০ হাজার ৬৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪ হাজার ৩৫০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ২ হাজার ২৬০ ভোট।
অন্যদিকে, জিএস পদে শিবিরের প্রার্থী এসএম ফরহাদ পেয়েছেন ৭ হাজার ৩২৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ তানভীর হামিম পেয়েছেন ৩ হাজার ৮৮১ ভোট, আর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বাকের মজুমদার পেয়েছেন ১ হাজার ২৮৯ ভোট।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত পৌনে ২টা থেকে কার্জন হলে ফল ঘোষণা শুরু হয়। এরপর ধাপে ধাপে বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল প্রকাশ করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, প্রাথমিক ফলাফলের এই ব্যবধান শেষ পর্যন্ত বজায় থাকলে ডাকসুর শীর্ষ দুটি পদে শিবিরের প্রার্থীরা জয়লাভ করতে পারেন।