সময়ের চিত্র ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন চলাকালীন ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন একাধিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ নিয়ে ছাত্রদল ও শিবিরের প্যানেলের প্রার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দ্য ডেইলি ক্যাম্পাসের লাইভে ছাত্রদলের দুই কর্মী দাবি করেন, শাহবাগ থেকে কাঁটাবন মোড় পর্যন্ত অবস্থান নিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
লাইভে শাহবাগ এলাকায় অবস্থান করা একজনের আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ডাকসু নির্বাচন দেখতে আসছি। এর মাধ্যমে বুঝতে পারব, গণঅভ্যুত্থানের পর আসলে গণতন্ত্র পুনরুদ্ধার হচ্ছে, নাকি আগের মতো আছে। আমি দেখতে আসছি, ছাত্রদলের প্যানেল যাতে সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করতে পারে। বিজয়োল্লাস করতে পারি আমরা। আর একাত্তরের পরাজিত শক্তি শিবিরকে প্রতিহত করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যাতে শিক্ষার্থীবান্ধব হয়।’
এ সময় ছাত্রদলের কত জন কর্মী এখানে আছেন, জানতে চাইলে আরেক ব্যক্তি ফেসবুক লাইভে বলেন, ‘আসলে গোনা যাবে না, অগণিত ছেলে এখানে আছে। কাঁটাবন থেকে শুরু করে শাহবাগ, মৎস্য ভবন এলাকায় ছাত্রদলের ছেলেরা অবস্থান করছে। এখানে বাইরের কেউ নেই।’