জাজিরায় দুই হত্যা মামলার প্রধান ৩ আসামি গ্রেফতার

শরীয়তপুর  প্রতিনিধি:

 

শরীয়তপুরের জাজিরায় সংঘটিত খবির সরদার ও আলমাছ সরদার হত্যার দুই মামলার প্রধান তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

 

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে র‍্যাব-৮–এর নেতৃত্বে র‍্যাব-১ ও র‍্যাব-১২-এর সমন্বয়ে গাজীপুর ও শরীয়তপুরে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

 

র‍্যাব সূত্রে জানা যায়, খবির সরদার হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি দেলোয়ার হোসেন গগন (৬০) ও কামাল সরদার (৩৯)কে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার ভোলারটেক এলাকা থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে আলমাছ সরদার হত্যা মামলার প্রধান আসামি মো. দানেশ সরদার (৫৯) কে শরীয়তপুরের সখিপুর থানার আলুরবাজার ফেরিঘাট এলাকা থেকে আটক করা হয়।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৬ আগস্ট রাত ৯টার দিকে জাজিরার উমরদ্দি মাদবর কান্দি এলাকায় পূর্বশত্রুতার জেরে খবির সরদারকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই দানেশ সরদার বাদী হয়ে নামীয় ১৮ জন ও অজ্ঞাত ২০–২৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

 

একই রাতে, ২৬ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে, একই এলাকার উমর উদ্দিন মাদবর কান্দিতে আলমাছ সরদারকে দেশীয় অস্ত্র দিয়ে কোপানোর পর পুকুরে চুবিয়ে হত্যা করা হয়। পরদিন সাদা প্লাস্টিকের বস্তায় ভরা লাশ মাটির নিচে পুঁতে রাখা হয়; ২৮ আগস্ট রাত ১০টার দিকে জাজিরা থানা পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বোন লিপি বেগম বাদী হয়ে নামীয় ২৫ জন ও অজ্ঞাত ১০–১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

দুই হত্যাকাণ্ডে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হওয়ায় মামলার গুরুত্ব বিবেচনায় পুলিশের আবেদনে র‍্যাব-৮-এর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান তিন আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে র‍্যাব জানিয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

এই বিভাগের আরো খবর