আগামীকাল রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে ‘ব্লাড মুন’
সময়ের চিত্র ডেস্ক : আগামীকাল রবিবার ৭ সেপ্টেম্বর রাতেই ঘটতে চলেছে বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে এবং তৈরি হয় এই গ্রহণ। এ সময় চাঁদ লালচে রঙ ধারণ করে, যাকে বলা হয় ব্লাড মুন।
গ্রহণের সময়কাল
৭ সেপ্টেম্বর রাত থেকে ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে এই চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিটে শুরু হয়ে রাত ২টা ২৫ মিনিটে শেষ হবে। এর মধ্যে ৭ সেপ্টেম্বর রাত ১১টা ৩০ মিনিট থেকে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ৫২ মিনিট পর্যন্ত প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট ধরে স্পষ্ট দেখা যাবে রক্তিম চাঁদ।
কোথায় দেখা যাবে?
এশিয়া, অস্ট্রেলিয়া ও আফ্রিকার বিভিন্ন স্থান থেকে গ্রহণটি দেখা সম্ভব হবে। বাংলাদেশ ও ভারতের প্রায় সব শহর থেকেই আকাশ পরিষ্কার থাকলে দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণ। কলকাতা, দিল্লি, মুম্বই, পুণে, লখনউ, হায়দরাবাদ ও চণ্ডীগড়ের মতো শহর থেকে স্পষ্টভাবে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কেন লাল হয় চাঁদ?
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছায় না। পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের ছোট তরঙ্গদৈর্ঘ্যের (নীল ও বেগুনি) আলো শোষণ করে নেয়, আর দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের (লাল ও কমলা) আলো চাঁদে পৌঁছায়। তাই এই সময়ে চাঁদ রক্তিম আভা ধারণ করে।