সময়ের চিত্র বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির সময়টা মোটেই ভাল যাচ্ছে না। শুধু তিনি একাই নন তার সঙ্গে তার স্বামী রাজ কুন্দ্রারও। সম্প্রতি তাদের বিরুদ্ধে উঠেছে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ।
যার ফলে বিপাকে পড়েছে এই তারকা দম্পতি। তার মাঝেই এবার শিল্পা ঘোষণা করলেন, বান্দ্রায় তার রেস্তোরাঁ বাস্টিয়ান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তিনি লেখেন, এই বৃহস্পতিবার এক বড় অধ্যায়ের সমাপ্তি হচ্ছে। আমরা মুম্বাইয়ের অন্যতম গন্তব্যস্থল ‘বাস্টিয়ান বান্দ্রা’কে বিদায় জানাতে চলেছি ওই দিন। এই রেস্তোরাঁ আমাদের অসংখ্য সুখস্মৃতি দিয়েছে।
অসংখ্য মনে রাখার মতো রাতের সাক্ষী এই রেস্তোরাঁ। এই শহরের নিশিযাপনকে এক নতুন রূপ দিয়েছিল এই রেস্তোরাঁ। এ বার তাকে বিদায় জানানোর পালা। অভিনেত্রী আরও জানান, শেষ বারের জন্য এই রেস্তোরাঁয় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা। এই অনুষ্ঠানে রেস্তোরাঁর সঙ্গে জড়িত বিশেষ অতিথিরাই নিমন্ত্রিত।
স্মৃতি রোমন্থন করতে আর শেষ বারের জন্য এই রেস্তোরাঁকে উদ্যাপন করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই রেস্তোরাঁর মালিকানা শিল্পা ও রাজ দুজনের কাছেই রয়েছে। ২০১৬ সালে তৈরি হয়েছিল রেস্তোরাঁটি। সামুদ্রিক খাবারের জন্য এই রেস্তোরাঁ বিশেষ ভাবে প্রশংসিত ছিল।