মেহেরপুরে আওয়ামী লীগের হামলায় বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি অফিস ও নেতাকর্মীদের ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

 

৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শামসুল আলম অভিযোগ করেন, রাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠি, সোটা ও রড নিয়ে অফিসে হামলা চালায়। এসময় অফিসের আসবাবপত্র, ব্যানার ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলাকারীরা বিএনপি নেতা শরিফুল ইসলাম ও হায়াতকে মারধর করে গুরুতর আহত করে বলে তিনি অভিযোগ করেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে ভয়-ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে। শামসুল আলম বলেন, হামলাকারীরা হুমকি দিচ্ছে—তাই সন্ধ্যার পর স্থানীয়রা নিরাপদে চলাফেরা করতে ভয় পাচ্ছেন।

 

অভিযোগে উল্লেখ করা হয়েছে, মোহানের ছেলে সোহেল, জহুরের ছেলে সাদ্দাম, আসুবের ছেলে রাজিব, সবুজ, কাসেমের ছেলে বাঁধন, রাজ্জাকের ছেলে সম্রাট, সামাদুলের ছেলে আরিফুল ও ইকলাসসহ কয়েকজন এই হামলায় জড়িত।

 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর