ক্রীড়া প্রতিবেদক : নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ বুধবার সকালে ঘোষিত এই স্কোয়াডে নেই হামজা চৌধুরী ও শমিত সোম।
লিচেস্টার সিটিতে খেলা হামজার না থাকার বিষয়টি আগে থেকেই ধারণা করা হচ্ছিল। শেষ পর্যন্ত সেটাই বাস্তবে রুপ নিল। গত শুক্রবার বার্মিংহাম সিটির বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন হামজা। তাই হামজাকে নেপালে প্রীতি ম্যাচ খেলতে না যেতে নিরুৎসাহিত করেছে তার ক্লাব। এদিকে, ক্লাবের ব্যস্ততা থাকায় নেপাল সফরে দেখা যাবে না কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলা শমিতকে।
সর্বশেষ গত ১০ জুন সিঙ্গাপুরের সঙ্গে জাতীয় স্টেডিয়ামে এশিয়ান বাছাইয়ে খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচের স্কোয়াডে থাকা মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, ফাহামিদুল ইসলাম, আল-আমিন, শেখ মোরছালিন, মজিবর রহমান, জাহিদ হাসানরা বাদ পড়েছেন নেপাল ম্যাচের স্কোয়াড থেকে। তবে সিঙ্গাপুর ম্যাচের ২৩ জনের চূড়ান্ত স্কোয়াডে না থাকা মোহাম্মদ ইব্রাহিম, ইসা ফয়সালকে ডেকেছেন কোচ হাভিয়ের কাবরেরা। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ফর্টিস এফসির ডিফেন্ডার আব্দুল্লাহ ওমর।
নেপালের সঙ্গে ম্যাচ দুটি হবে ৬ ও ৯ সেপ্টেম্বর, কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। আজ দুপুর দেড়টার ফ্লাইটে নেপালের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ ফুটবল দল।
বাংলাদেশ স্কোয়াড :
গোলরক্ষক: সুজন হোসেন, মিতুল মারমা, পাপ্পু হোসেন। ডিফেন্ডার: মেহেদী হাসান, রহমত মিয়া, তপু বর্মন, তাজ উদ্দিন, আব্দুল্লাহ ওমর, তারিক কাজী, ইসা ফয়সাল, সাদ উদ্দিন। মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, পাপন সিং, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, শাহ কাজেম। ফরোয়ার্ড: আরিফ হোসেন, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা।