ক্রীড়া প্রতিবেদক :
প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয় টি-টোয়েন্টিতেও নেদারল্যান্ডসকে হেসে-খেলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আজ সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। জবাবে খেলতে নেমে ১৩.১ ওভারে এক উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
এর ফলে এক ম্যাচ আগে সিরিজ নিশ্চিত করে ফেলে টাইগাররা। সেইসঙ্গে টানা তিন সিরিজ জয়ের স্বাদও পেয়েছে লিটন কুমার দাসের দল।
সম্প্রতি শ্রীলঙ্কা সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। এরপর ঘরের মাঠে পাকিস্তানকেও টোয়েন্টি সিরিজে হারিয়েছিল টাইগাররা। এবার নেদারল্যান্ডসের বিপক্ষেও একম্যাচ হাতে রেখে সিরিজ জিতল লাল-সবুজের দল। তাতেই টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি গড়ল তাসকিন-তানজিদরা।