ওয়েস্ট ধানমন্ডিতে মোহাম্মদ আলী গ্যাংয়ের দৌরাত্ম্য

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার হাজারীবাগের বছিলা ওয়েস্ট ধানমন্ডি বর্তমানে সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে আতঙ্কিত হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, মোহাম্মদ আলী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। চাঁদাবাজি, মারধর, জমি দখল, প্রতারণা ও অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণের মাধ্যমে তারা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে।

 

সাম্প্রতিক ঘটনা:

ভুক্তভোগী মাহফুজুল কবির মুভি নামের একজন অভিযোগ করেন, তিনি প্রায় ৫০ লাখ টাকা দিয়ে স্ত্রী রুমানা রহমানের নামে বছিলা ওয়েস্ট ধানমন্ডির নাসরিন ভিলায় একটি ফ্ল্যাট ক্রয় করেছিলেন। পরে স্ত্রীর অসুস্থতার কারণে ফ্ল্যাট বিক্রির সিদ্ধান্ত নিলে অভিযুক্ত গ্যাং সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠে। ক্রেতারা ফ্ল্যাট দেখতে এলে গ্যাংয়ের সদস্যরা তার স্ত্রী ও তাকে  প্রকাশ্যে মারধর করে এবং হুমকি দেওয়া হয়—“অন্য কাউকে বিক্রি করলে এর মাশুল দিতে হবে।”

এ ঘটনায় মাহফুজুল কবির মুভি ও তার স্ত্রী হাজারীবাগ থানায় মামলা দায়ের করেন (মামলা নং ৩৩, তারিখ: ২৪ আগস্ট ২০২৫)।

 

অভিযোগের চিত্র:

চাঁদাবাজি: বাড়ি ও ফ্ল্যাট মালিকদের কাছ থেকে বারবার ৫-৭ লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হয়। কেউ দিতে অস্বীকার করলে নির্যাতনের শিকার হন।

 

দখলবাজি ও প্রতারণা: একই জমি একাধিকবার বিক্রি এবং প্রবাসীদের সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে।

 

অবৈধ নিয়ন্ত্রণ: এলাকায় সব ধরনের পাইলিং কাজ, ডিস কেবল ও ইন্টারনেট লাইন তাদের নিয়ন্ত্রণে। অনুমতি ছাড়া অন্য কেউ ব্যবসা শুরু করলে তা ভেঙে ফেলা হয়।

 

রাজনৈতিক প্রভাব: স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়া ব্যবহার করে এ গ্যাং তাদের প্রভাব বজায় রেখেছে। বর্তমানে একজন সহযোগী বিদেশে অবস্থান করলেও গ্যাং এখনও তৎপর।

 

একজন ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন—

“এ গ্যাং ঘরে ঢুকে টাকা দাবি করে। না দিলে মারধর করে। পুলিশের কাছে অভিযোগ করলে অনেক সময় ম্যানেজ হয়ে বেরিয়ে যায়।”

 

‎অভিযোগ সমুহের বিষয়ে মোহাম্মদ আলীকে মুঠোফোনে একাধিকবার ফোন করে ও তাদের পাওয়া যায় নি।

 

পুলিশের বক্তব্য:

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানান—

“মোহাম্মদ আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সাম্প্রতিক ঘটনায় পুলিশ অভিযান চালালেও তারা পালিয়ে যায়। আইনি প্রক্রিয়া চলছে। অপরাধী যতই প্রভাবশালী হোক কাউকে ছাড় দেওয়া হবে না।”

 

বাসিন্দাদের দাবি:

ওয়েস্ট ধানমন্ডির বাসিন্দারা দ্রুত এই গ্যাংকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের মতে, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ না নিলে এ এলাকায় শান্তি ফিরে আসবে না।

 

এই বিভাগের আরো খবর