সময়ের চিত্র ডেস্ক:
পুলিশের বিশেষ শাখা (এসবি) আশঙ্কা করছে, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে দেশে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হতে পারে। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এই সময় সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর বা বিশৃঙ্খলা ঘটাতে পারে—এমন ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এই প্রেক্ষাপটে সোমবার দেশের সব পুলিশ ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে এসবি। চিঠিটি পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার, সিটি এসবি, বিভাগীয় উপ-পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপার এবং সকল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে’ ঘিরে সরকারবিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সংগঠনগুলো ১ জুলাই থেকে নানা কর্মসূচি পালন করছে। এর ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ বিবেচনা করা হয়েছে।
এসবির সতর্কবার্তায় আরও বলা হয়, এই সময়ে ফ্যাসিবাদী শক্তিগুলো উসকানিমূলক প্রচারণা চালাতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর উদ্দেশ্যে সংঘাতমূলক পরিবেশ তৈরি করার চেষ্টা হতে পারে।
এজন্য দেশের সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে:
নিজ নিজ এলাকার রাজনৈতিক পরিস্থিতির উপর সতর্ক নজরদারি
সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের চলাচল পর্যবেক্ষণ
সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার
সাইবার গোয়েন্দা কার্যক্রম আরও জোরালো করা।