আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানে চলতি বর্ষা মৌসুমে ভয়াবহ দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ২০২ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৯৬ জনই শিশু এবং আহত হয়েছেন ৫০০ জনের বেশি। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, এবারের বর্ষা আগের বছরগুলোর তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি তীব্রতা নিয়ে এসেছে।
এনডিএমএ সতর্ক করেছে, ২৪ জুলাই পর্যন্ত রাজধানী ইসলামাবাদ, পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সিন্ধুর করাচি, হায়দ্রাবাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বন্যার আশঙ্কা রয়েছে। নিম্নাঞ্চলগুলো তলিয়ে যেতে পারে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে।
পাঞ্জাব প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, ২০ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে চতুর্থবারের মতো টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ঝড়ো বাতাস ও নদনদীর পানি বৃদ্ধির মাধ্যমে বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে।