নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ২ আসামি গ্রেপ্তার

মোঃ ফরহাদ হোসেন, তাড়াশ:

সিরাজগঞ্জের তাড়াশে এক নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরো দুই এজাহারভুক্ত আসামি কফিল উদ্দিন ও এনামুল হক এনাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৩ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় বগুড়ার শাহজাহানপুর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এই মামলার আরও এক আসামি রফিকুল ইসলামকে আগেই গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ মে নৃত্য পরিবেশনের কথা বলে ২০ বছর বয়সী এক নারী শিল্পীকে বগুড়ার শেরপুর এলাকা থেকে তাড়াশে নিয়ে আসে অভিযুক্তরা। পরে রানীরহাট উচ্চ বিদ্যালয়ের পাশে একটি নির্জন স্থানে নিয়ে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।

ঘটনার পরদিন ১৬ মে ভুক্তভোগী নিজে তাড়াশ থানায় গিয়ে মামলা দায়ের করেন। মামলায় নাম উল্লেখ করা তিনজন আসামি হলেন তাড়াশ উপজেলার চককলামুলা গ্রামের বাসিন্দা জহুরুল ইসলামের ছেলে কফিল উদ্দিন(২৫),বগুড়ার শেরপুর উপজেলার রানীর হাট দেওড়া পাড়া গ্রামের বাসিন্দা মৃতঃ গোলাম হোসেনের ছেলে রফিকুল ইসলাম(৪৪) ও একই গ্রামের হেদু প্রামাণিকের ছেলে এনামুল হক এনা (২৫) সহ অজ্ঞাতনামা আরো দুজন কে আসামী করে তাড়াশ থানায় মামলা করেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান ধর্ষণ মামলায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারদের তথ্যপ্রযুক্তির সহায়তায় আটক করা হয়েছে। মামলাটির তদন্তসহ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই বিভাগের আরো খবর