বিনোদন প্রতিবেদক: উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা বাংলাদেশের এই প্রজন্মের সঙ্গীতশিল্পী এইচ এম আলাউদ্দিনের কন্ঠ এবং গায়কীর বেশ প্রশংসা করেছেন। মূলত আলাউদ্দিন তারসঙ্গে একটি দ্বৈত গানে কন্ঠ দিয়েছেন বিধায় আলাউদ্দিনের কন্ঠ এবং তার গায়কী সম্পর্কে জানার কিছুটা সুযোগ হলো গুণী এই কিংবদন্তী সঙ্গীতশিল্পীর। কলকাতায় একটি স্টুডিওতে এরইমধ্যে হৈমন্তী শুক্লা আলাউদ্দিনের সঙ্গে একটি দ্বৈত গানে ভয়েজ দিয়েছেন। গানের শিরোনাম ‘হারাবার আগে কেউ বোঝেনা’। গানটির কথা লিখেছেন শফিকুজ্জামান ঝিনুক ও সুর সঙ্গীত করেছেন মো. গোলাম সারোয়ার। যেদিন গানটির রেকর্ড হলো সেদিন সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত হৈমন্তী শুক্লা স্টুডিওতেই ছিলেন। যে কারণে তার মোবাইলে ফোন দিয়ে পাওয়া না গেলেও পরবর্তীতে সন্ধ্যায় তিনি কলব্যাক করে আলাউদ্দিনের গানটি নিয়ে কথা বলেন। হৈমন্তী শুক্লা বলেন, আলাউদ্দিন সম্পর্কে আমি আসলে আগে থেকেই অবগত। তাছাড়া এর আগেও আমি গোলাম সারোয়ারের সুর সঙ্গীতে গান গেয়েছি। ভীষণ ভালো সুর করেন। আলাউদ্দিনের সঙ্গে যে গানটি গেয়েছি আমি সে গানটির কথা যেমন বেশ সুন্দর, ঠিক তেমনি সুরটাও চমৎকার। আর আলাউদ্দিনের কন্ঠটাও খুউব ভালো। মূলকথা আলাউদ্দিন খুউব ভালো গায়। আমার কাছে তার কন্ঠ, তার পরিবেশনা ভীষণ ভালোলেগেছে। আমি আশীর্বাদ করি আলাউদ্দিন একদিন নিশ্চয়ই অনেক বড় একজন শিল্পী হবে। গানটি প্রকাশ পেলে নিশ্চয়ই শ্রোতা দর্শকের ভালোলাগবে। ২০২৩ সালের ‘চ্যানেল আই সেরাকন্ঠ’ প্রতিযোগিতায় অংশ নেয়া আলাউদ্দিন আছেন এই প্রতিযোগিতার টপ ফাইনালিস্টে। গ্র্যাণ্ড ফিনালে ঠিক কবে হবে তা এখনো কেউ নিশ্চিত নন। তাই অনেকেই এখন নিজেদেও গান প্রকাশের দিকে মনোযোগ দিচ্ছেন। আলাউদ্দিনও নিজের মৌলিক গান প্রকাশে মননোযোগ দিচ্ছেন। হৈমন্তী শুক্লার সঙ্গে মৌলিক গান গাওয়া প্রসঙ্গে আলাউদ্দিন বলেন,‘ সঙ্গীত জীবনে আমার পথচলাটা খুব অল্প দিনের। এই অল্প সময়েই আমি শ্রদ্ধেয় হৈমন্তী শুক্লা ম্যাডামের সঙ্গে গান গাইবার সুযোগ হলো, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। বলা যায় সঙ্গীত জীবনে এটা আমার অন্যতম পুরস্কার প্রাপ্তির মতো। চলার পথে তার আশীর্বাদ পেয়েছি, স্নেহ পেয়েছি-এটা অনেক বড় অনুপ্রেরণার। তারসঙ্গে আমার দ্বৈত গান প্রকাশ পেতে যাচ্ছে, এটা অনেক আনন্দের বিষয়। গানটির সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। আলাউদ্দিন জানান, শিগগিরই গানটি প্রকাশ পেতে যাচ্ছে। গেলো মার্চ মাসে আলাউদ্দিনের কন্ঠে ‘মানুষ হলো সেরা বেঈমান’ গানটি প্রকাশ পায়। গানটি লিখেছেন ও সুর করেছেন হুমায়ূন কবির।
আগের পোএ্ট
পরে পোষ্ট