নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশিদ জানিয়েছেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার সাথে জড়িত প্রধান দুই আসামী পালিয়েছে নেপাল ও মার্কিন যুক্তরাষ্ট্রে।
বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, উদ্ধারকৃত মাংসের ডিএনএ টেস্টের রিপোর্ট পাঠানোর জন্য আমরা কলকাতা সিআইডিকে অনুরোধ করেছি। প্রতিকূল আবহাওয়ার মধ্যে বিভিন্ন খাল ও জলাভূমিতে তল্লাশি অভিযান চালিয়েছে সিআইডি ও পশ্চিমবঙ্গের পুলিশ এবং পশ্চিমবঙ্গ সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্টের ডুবুরি ও কর্মীরা। তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য।
হারুন অর রশিদ আরো বলেন, মাংসপিণ্ড পরীক্ষা করলে দ্রুতই এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হবে। যেসব আসামি পলাতক রয়েছে, তাদের আমরা দ্রুতই গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসব। সেজন্য উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে ছয়টি গাড়ির বহর নিয়ে পশ্চিমবঙ্গের নিউটাউনের ওয়েস্টিন হোটেল থেকে বেরিয়ে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন হারুন অর রশিদ। সেখান থেকে তিনি একটি ফ্লাইটে করে বিকেল ৩টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
উল্লেখ্য, এমপি আনারের মরদেহ উদ্ধারে ২৬ মে হারুন অর রশিদের নেতৃত্বে বাংলাদেশের একটি তদন্তদল কলকাতায় যায়।
গত ১২ মে ভারতের কলকাতায় চিকিৎসা করাতে যান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এর পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।