নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয়টির কর্মচারীরা।
আজ শনিবার (১৬ মার্চ) সকাল থেকে উপাচার্যের নিজ কার্যালয়ের সামনে কর্মচারী নীতিমালা প্রণয়নের দাবিতে শারফুদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখেন প্রায় পাঁচ শতাধিক কর্মী।
এদিকে, কর্মচারী নেতা দিপু সংবাদমাধ্যমকে বলেন, আমরা উপাচার্যকে তার রুমে অবরুদ্ধ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আমরা একটি কর্মচারী নীতিমালা চাচ্ছি। বর্তমান প্রশাসন গত তিন বছর ধরে টালবাহানা করে সময় পার করছে। বর্তমান উপাচার্যের মেয়াদ আগামী ২৮ মার্চ শেষ হবে। অথচ তিনি এখনও বলছেন তোমরা কাজে যাও আমি দেখব।
উপাচার্যের বিরুদ্ধে কথা না রাখার অভিযোগ করে তিনি বলেন, বর্তমান উপাচার্যের সময়কালে সর্বশেষ সিন্ডিকেটের সভা আগামী ২০ তারিখ। সেটা সমস্ত অবৈধ কাজের মধ্যে করে নিয়ে যাচ্ছে। শুধু আমাদের ন্যায্য দাবি নিয়ে টালবাহানা।
এদিকে, অধ্যাপক শারফুদ্দিন আহমেদ অবরুদ্ধ হয়নি বলে দাবি করছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ।