সময়ের চিত্র ডেস্ক।।
অপহৃত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ’র উপর নজর রাখার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্স (ইইউএনএভিএফওআর)। পূর্ব আফ্রিকা উপকূলে জলদস্যুতা নির্মূলে কাজ করে যাওয়া এই ফোর্সের কার্যক্রম ‘অপারেশন আটলান্টা’ হিসেবে পরিচিত।
ইউরোপীয় নৌ-নিরাপত্তা বাহিনীটি এক বিবৃতিতে জানিয়েছে, অপারেশন আটলান্টার অংশ হিসেবে তারা সোমালিয়া উপকূলে একটি জাহাজ মোতায়েন করেছে। জাহাজটি বাংলাদেশি কার্গো জাহাজ আবদুল্লাহকে অনুসরণ করছে। খবর এবিসি নিউজ’র।
এবিসি নিউজ তার প্রতিবেদনে জানায়, সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ১১০০ কিলোমিটার দূরে এমভি আবদুল্লাহ ও এর ২৩ নাবিককে জিম্মির খবর মঙ্গলবার প্রথম জানতে পারে ব্রিটিশ সামরিক বাহিনী।
আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে জলদুস্যদের কবলে পড়ে কবির গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজে অন্তত ৬০ জন জলদস্যু অবস্থান নিয়েছে। জাহাজটি বর্তমানে সোমালিয়ার কাছাকাছি কোনো স্থানে নোঙর করা অবস্থায় রয়েছে। তবে জলদস্যুদের হাতে জিম্মি নাবিকরা মোটামুটি সুস্থ আছেন।
এদিকে বৃহস্পতিবার (১৪ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে ভারপ্রাপ্ত সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম জানান, জলদস্যুরা এখনো কোনো মুক্তিপণ চায়নি। মুক্তিপণের ব্যাপারে কোনো যোগাযোগও করেনি। তবে জাহাজ ফেরত আনাই সরকারের প্রথম লক্ষ্য। সেই লক্ষ্য থেকে সরকার বিচ্যুত হবে না।
তিনি আরও জানান, জাহাজ চলাচলের নানা ঝুঁকির রুট থাকে। আমাদের এই জাহাজটি উচ্চ ঝুঁকিপূর্ণ রুট দিয়ে যায়নি। তারপরও জলদস্যুরা অপেক্ষায়ই ছিল বা এ নিয়ে ভিন্নমত আছে। জলদস্যুরা জাহাজটির দখল নিয়ে সোমালিয়ার উদ্দেশে রওনা হয়ে আজকে (বৃহস্পতিবার) ভোর নাগাদ সোমালিয়ার কাছাকাছি নোঙর করেছে। জলদস্যুরা আমাদের সাথে এখনও কোনো যোগাযোগ করেনি। বিভিন্ন মাধ্যমে আমরা খবর রাখছি, জলদস্যুদের প্রায় ৬০ জন জাহাজে অবস্থান নিয়েছে এবং বাংলাদেশি ২৩ নাবিক সুস্থ আছেন।