কেরানীগঞ্জে জামায়াতের  অর্ধশতাধিক নেতা কর্মী আটক, অতিরিক্ত পুলিশ মোতায়েন

কেরানীগঞ্জ, প্রতিনিধি:

রাজধানীগামী গণপরিবহনের যাত্রীদের তল্লাশি ও জেরা করছে পুলিশ।

রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে আজ শনিবার ভোর থেকে রাজধানীর প্রবেশমুখ কেরানীগঞ্জের বাংলাদেশ-চীন মৈত্রী বুড়িগঙ্গা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেতু এলাকায় তল্লাশি জোরদার করে পুলিশ। এ সময় ঢাকার দোহার, নবাবগঞ্জ ও দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা রাজধানীগামী গণপরিবহনে তল্লাশি চালিয়ে জামায়াতের নেতা-কর্মীসহ অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়।

এদিকে কাল রোববার সারা দেশে বিএনপি হরতালের ঘোষণা দেওয়ায় কেরানীগঞ্জে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, বাংলাদেশ-চীন মৈত্রী বুড়িগঙ্গা প্রথম সেতুর দক্ষিণ প্রান্ত হাসনাবাদ এলাকা থেকে ২৮ জন, বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু কদমতলী এলাকা থেকে ২৫ ও বুড়িগঙ্গা তৃতীয় সেতু বছিলা এলাকা থেকে ৬ জনকে আটক করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আটক নেতা-কর্মীদের নাম-পরিচয় জানা যায়নি। আফজাল হোসেন তালুকদার (৪৭) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর থানার ভাগড়া গ্রামের বাসিন্দা এবং জামায়াতের কর্মী।

ঢাকার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, রাজধানীতে রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে গত শুক্রবার থেকে ঢাকার প্রবেশমুখ কেরানীগঞ্জে তল্লাশিচৌকি বসানো হয়।

সার্বিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। অনেকে আছেন যাঁরা নিজেদের গন্তব্যের কথা বলতে পারেন না। তাঁদের কার্যক্রম ও কথাবার্তা সন্দেহজনক হলে তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দেহভাজনদের বিরুদ্ধে কোনো মামলা বা পরোয়ানা থাকলে তাঁদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

এ সময় ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস দক্ষিণ) আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দীন কবীর, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান, কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে কাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি। এরপর কেরানীগঞ্জে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। বিকেলে কেরানীগঞ্জের কদমতলী বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু এলাকাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া কেরানীগঞ্জে দক্ষিণাঞ্চলসহ দূরপাল্লার যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। কদমতলী সড়কে প্রতিনিয়ত দূরপাল্লার বাসের যাতায়াত থাকলেও আজ সকাল থেকে বাস চলাচল করতে দেখা যায়নি। ঢাকার দোহার, নবাবগঞ্জসহ বিভিন্ন রুটের বাস কেরানীগঞ্জের কদমতলীসহ বেশ কয়েকটি এলাকায় পার্ক করে রাখা হয়েছে।

আমীনুল ইসলাম বলেন, রাজধানীতে রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় কেরানীগঞ্জসহ বেশ কয়েকটি এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জননিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এই বিভাগের আরো খবর