সময়ের চিত্র ডেস্ক:
নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির আয়োজিত একটি মিছিলে হামলার ঘটনায় দলটির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) কালিয়া উপজেলা শহরে এ ঘটনা ঘটে। হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন স্থানীয় সূত্রগুলো।
নিহত ব্যক্তিরা হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বুধবার কালিয়া উপজেলা শহরে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি চলাকালে প্রতিপক্ষের লোকজন হামলা চালালে শাহিন ও সোহেল মোল্লা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে।