সময়ের চিত্র ডেস্ক:
নেত্রকোণার বারহাট্টা উপজেলার অতিথপুর রেলওয়ে স্টেশনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা প্ল্যাটফর্মে পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন দেওয়ার দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টা থেকে ১২টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবক স্টেশনের প্ল্যাটফর্মের মেঝে ও কয়েকটি পিলারের কাছে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালাচ্ছেন। এ সময় প্ল্যাটফর্মের নিচে আরেক যুবককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আগুন ধরানোর পর দুজনকেই দ্রুত স্থান ত্যাগ করতে দেখা যায়। ভিডিওতে ঘটনার তারিখ ও স্থান হিসেবে ‘১৭ নভেম্বর ২০২৬, অতিথপুর রেল স্টেশন, নেত্রকোণা’ উল্লেখ রয়েছে।
পুলিশের ধারণা, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়ে থাকতে পারে।
ঘটনাস্থল পরিদর্শন করে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, প্ল্যাটফর্মের তিনটি পিলারের কাছে ছেঁড়া চটের বস্তায় পেট্রোল বা অন্য কোনো দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়ার আলামত পাওয়া গেছে। তবে পিলারগুলো লোহার তৈরি হওয়ায় সেগুলোর মূল কাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি হয়নি।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জহিরুল ইসলাম জানান, রেলওয়ের প্রকৌশল বিভাগের ওয়েম্যান ও পুলিশ সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাতেই স্টেশনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এতে রেলস্টেশনের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ফলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।
এর আগে নেত্রকোণার বারহাট্টা উপজেলার পাটলী এবং সদর উপজেলার চল্লিশা এলাকায় রেললাইনে আগুন দেওয়ার আরও তিনটি ঘটনা ঘটেছিল। এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।