৩০ হাজার টাকা মজুরির দাবিতে

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

সময়ের চিত্র ডেস্ক:

ন্যূনতম মাসিক ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কর্মস্থলে যোগ না দিয়ে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

 

বিক্ষোভের একপর্যায়ে মহাসড়কে পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

 

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি ও সাইনবোর্ড এলাকায় শ্রমিকদের আন্দোলন শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে ওই পথে যান চলাচল ব্যাহত হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুধু মালেকের বাড়ি বা সাইনবোর্ড এলাকাই নয়, গাছা, বোর্ড বাজার, বড়বাড়ী ও তারগাছ এলাকাতেও বিপুলসংখ্যক শ্রমিক বিক্ষোভে অংশ নেন। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রায় ৩০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

 

পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক শফিকুল ইসলাম জানান, উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতাল এলাকা থেকে ভোগড়া পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

 

এদিকে গাজীপুরের হারিকেন এলাকায়ও শ্রমিকদের বিক্ষোভের মধ্যে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে সকাল থেকেই বোর্ড বাজার এলাকায় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আন্দোলন করছেন। কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়। তবে শ্রমিকদের অবস্থানের কারণে সড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করছে।

 

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। এরই মধ্যে প্রায় ৩০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

 

 

এই বিভাগের আরো খবর