সময়ের চিত্র ডেস্ক:
রাজধানীর মিরপুর-১৪ নম্বর এলাকায় পোশাকশ্রমিক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা থেকে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে কাফরুলের লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুটি কারখানায় পাঁচ হাজারের বেশি শ্রমিক কর্মরত রয়েছেন। একপর্যায়ে এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। পরে সেখানকার শ্রমিকদের কারখানা থেকে বের করে আনার ঘটনাও ঘটে।
এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরিস্থিতি শান্ত করতে একপর্যায়ে প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
বেলা সোয়া ১০টার দিকে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার জাহিদুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন
উল্লেখ্য, ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সম্প্রতি রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন পোশাকশিল্প এলাকায় শ্রমিকদের আন্দোলন চলছে। শ্রমিকদের একটি অংশ মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন।
এ ছাড়া বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ, কর্মক্ষেত্রে হয়রানি রোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিও আন্দোলনে গুরুত্ব পেয়েছে।
এসব দাবিতে বিভিন্ন সময়ে সড়ক অবরোধ, কারখানায় উৎপাদন বন্ধ এবং শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনাও ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে গত ১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। তবে বোর্ড গঠনের পরও বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।