সময়ের চিত্র ডেস্ক:
২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে লটারির মাধ্যমে। আর দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে বিদ্যালয়ের শূন্য আসনের বিপরীতে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে শিক্ষার্থীদের।
ঢাকা মহানগরীর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট আসনের ৮০ শতাংশ সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। বাকি ২০ শতাংশ আসনে অন্যান্য এলাকার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বুধবার (১১ নভেম্বর) ২০২৭ শিক্ষাবর্ষের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি নীতিমালা প্রকাশ করে। এতে ভর্তির পদ্ধতি, বয়সসীমা, পরীক্ষার নম্বর বণ্টন ও আসনসংখ্যাসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
নীতিমালা অনুসারে, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের মূল তালিকার পাশাপাশি সমানসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকা প্রস্তুত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে মূল তালিকায় থাকা কোনো শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে ধারাবাহিকভাবে ভর্তির সুযোগ দিতে হবে।
অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য বিদ্যালয়ের খালি আসনের বিপরীতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। নবম শ্রেণিতে ভর্তির আবেদন করতে হলে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
পরীক্ষার নম্বর ও সময়ের ক্ষেত্রে শ্রেণিভেদে ভিন্নতা রাখা হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার মোট নম্বর ৫০। এর মধ্যে বাংলা ও ইংরেজিতে ১৫ নম্বর করে এবং গণিতে ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এ পরীক্ষার সময় এক ঘণ্টা।
চতুর্থ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরে। বাংলা ও ইংরেজিতে ৩০ নম্বর করে এবং গণিতে ৪০ নম্বর থাকবে। পরীক্ষার জন্য বরাদ্দ সময় দুই ঘণ্টা।
প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট বছরের ১ জানুয়ারি ছয় বছর পূর্ণ হতে হবে, তবে সাত বছর পূর্ণ হওয়া যাবে না। সে অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির যোগ্য হতে শিক্ষার্থীর জন্মতারিখ ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে হতে হবে। বয়স যাচাইয়ের জন্য আবেদনের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
এ ছাড়া নীতিমালায় বিদ্যালয়ের প্রতিটি শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কে শিক্ষাবর্ষ হিসেবে গণ্য করা হবে।
বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন শ্রেণিতে খালি আসনের সংখ্যা চূড়ান্ত করবে। ওই আসনসংখ্যার ভিত্তিতেই পরবর্তী শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।