রাজধানীতে ৯ম বাংলাদেশ মার্কেটিং ডে পালিত

সময়ের চিত্র ডেস্ক:

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান প্রভাব, প্রযুক্তিগত উদ্ভাবন এবং পরিবর্তিত ব্যবসায়িক বাস্তবতায় মার্কেটিংয়ের ভবিষ্যৎ সম্ভাবনা ও নেতৃত্বের নানা দিক তুলে ধরার মধ্য দিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ৯ম বাংলাদেশ মার্কেটিং ডে ২০২৬।

 

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশ (এমআইবি) আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল  ‘মার্কেটিং ইন দ্য এজ অব এআই’।

 

আয়োজনে দেশের শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্ব, মার্কেটিং বিশেষজ্ঞ, পেশাজীবী, উদ্যোক্তা, শিক্ষাবিদ এবং তরুণ মার্কেটাররা অংশ নেন। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় মার্কেটিং খাতের অভিজ্ঞতা বিনিময়, জ্ঞানচর্চা ও নতুন সম্ভাবনা অনুসন্ধানের এক মিলনমেলায়।

 

দিনব্যাপী আয়োজনে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, মূল প্রবন্ধ উপস্থাপনা, প্যানেল আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা। এসব পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর মার্কেটিংয়ের ভবিষ্যৎ, ব্যবসায়িক প্রবৃদ্ধি, সৃজনশীলতা, ডিজিটাল রূপান্তর এবং পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মার্কেটিং নেতৃত্বের সক্ষমতা বাড়ানোর বিভিন্ন দিক গুরুত্ব পায়।

 

আলোচনায় উঠে আসে, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ মার্কেটিং কার্যক্রমে নতুন সম্ভাবনার পাশাপাশি কাজের ধরন ও কৌশলেও পরিবর্তন আনছে। এ পরিস্থিতিতে প্রযুক্তির কার্যকর ব্যবহার, উদ্ভাবনী চিন্তা, তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার গুরুত্ব ক্রমেই বাড়ছে।

 

আয়োজকদের মতে, বাংলাদেশ মার্কেটিং ডে কেবল একটি দিবস উদ্‌যাপনের আয়োজন নয়; বরং দেশের মার্কেটিং পেশাজীবীদের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা, উদ্ভাবন ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

 

অনুষ্ঠানটি সফল করতে সম্পৃক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান, স্পনসর, পার্টনার, আমন্ত্রিত অতিথি, বক্তা, অংশগ্রহণকারী এবং স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকেরা।

এই বিভাগের আরো খবর