চরফ্যাশন প্রতিনিধি।।
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট-নুরাবাদ থেকে নীলকমল সংযোগ সড়কের অবৈধ দখল উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন নুরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়, দুলারহাট বাজারের মধ্য দিয়ে নুরাবাদ ইউনিয়নের হাসপাতাল সড়ক ও নীলকমল ইউনিয়নের সিনেমা হল সড়কের সংযোগকারী রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কটির বিভিন্ন অংশ দখল করে স্থাপনা নির্মাণ করায় জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে বাজার এলাকায় যানজটসহ নানা ভোগান্তির আশঙ্কা রয়েছে।
সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আবেদনে সড়কটি অবৈধ দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। সড়কটি উন্মুক্ত করা হলে নুরাবাদ ও নীলকমল ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, বিষয়টি সরেজমিনে পরিদর্শনে আসেন সহকারী ভূমি কর্মকর্তা আলাউদ্দিন ও সার্ভেয়ার আক্তারুজ্জামান। তবে পরিদর্শন শেষ না করেই সার্ভেয়ার চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
সড়কটির সীমানা নির্ধারণ, অবৈধ দখল চিহ্নিতকরণ এবং জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।