দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা আরও জোরদারের নির্দেশ

সময়ের চিত্র ডেস্ক:

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও)-এর আসন্ন নিরাপত্তা অডিটকে সামনে রেখে দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে ভিআইপি, সিআইপি ও সাধারণ যাত্রী—সবার জন্য সমান নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিমানবন্দরের আকাশসীমায় অননুমোদিত ড্রোন চলাচল ঠেকাতে অ্যান্টি-ড্রোন প্রযুক্তি স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান কার্যালয়ে পুনর্গঠিত জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (এনসিএএসসি) প্রথম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় মন্ত্রী বলেন, আইসিএওর নিরাপত্তা মূল্যায়ন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তির সঙ্গে সংশ্লিষ্ট। তাই আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করতে হবে। নিরাপত্তা ব্যবস্থায় কোনো যাত্রীর জন্য বিশেষ ছাড় থাকবে না; সবার ক্ষেত্রেই একই নীতি কার্যকর হবে। পাশাপাশি প্রবাসী যাত্রীদের সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানান, বিমানবন্দরের নিরাপত্তা আরও আধুনিক করতে অ্যান্টি-ড্রোন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে স্ক্যানার ও অন্যান্য নিরাপত্তা সরঞ্জামের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সভায় আরও আলোচনা হয় গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান জোরদার, আধুনিক নিরাপত্তা প্রযুক্তি ব্যবহারের সম্প্রসারণ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে নিরাপত্তা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নিয়ে।

এই বিভাগের আরো খবর