সময়ের চিত্র ডেস্ক:
রাজধানীর কূটনৈতিক এলাকায় অবস্থিত পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং তার স্ত্রী নাইমা ইমরান ধোঁয়ায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভোগেন। পরে তাদের দ্রুত গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসাধীন থাকলেও তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার পর বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে বড় ধরনের আগুন না থাকলেও কক্ষজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। আগুন নিভিয়ে ভবনের বিভিন্ন অংশ পরীক্ষা করা হয় এবং বিশেষ সরঞ্জামের সাহায্যে ধোঁয়া অপসারণ করা হয়।
অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। এদিকে ঘটনাটি সম্পর্কে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে পাকিস্তান হাইকমিশন।