‘দেশের বারোটা বাজতে দেব না’, সরকারের প্রতি কঠোর বার্তা জামায়াত আমিরের

সময়ের চিত্র ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের পরিস্থিতি নিয়ে জনগণ উদ্বিগ্ন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষে বসে থাকব—এটা কখনো হবে না।”

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১-দলীয় জোট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান দাবি করেন, দেশের বর্তমান পরিস্থিতি নতুন একটি গণআন্দোলনের ইঙ্গিত দিচ্ছে। তিনি জনগণকে সম্ভাব্য সেই আন্দোলনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান।

সরকারের উদ্দেশে তিনি বলেন, অন্যায় ও অবিচারের পরিণতি একসময় অনিবার্য হয়ে ওঠে। সরকার যদি সময় থাকতে জনগণের বার্তা উপলব্ধি করে, তবে তা তাদের জন্য ইতিবাচক হবে। অন্যথায় জনগণের শক্তির সামনে কোনো সরকার টিকে থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, অতীতে যারা নিপীড়নের শিকার হয়েছেন, তাদের কাছ থেকে জনগণ ভিন্ন ধরনের রাজনীতি প্রত্যাশা করে। কিন্তু একই ধরনের দমনমূলক আচরণ চলতে থাকলে জনগণ তারও সমালোচনা করবে। তাই গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াত আমির বলেন, জনগণের রায়কে অগ্রাহ্য করে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকার নজির ইতিহাসে নেই। তাই দেশের মানুষের মতামত ও গণরায়কে যথাযথ গুরুত্ব দেওয়া উচিত।

তিনি আরও অভিযোগ করেন, বিভিন্নভাবে আপসের প্রস্তাব ও চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে জনগণের স্বার্থ ও গণরায় রক্ষার প্রশ্নে কোনো ধরনের সমঝোতায় যাবে না বলে তিনি ঘোষণা দেন। প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেও এ অবস্থানে অটল থাকার কথা জানান।

বক্তব্যের শেষদিকে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশকে কোনো আধিপত্যবাদী শক্তির প্রভাবমুক্ত, ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

 

এই বিভাগের আরো খবর