বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

বরিশাল প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) সকালে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ‘অদম্য জুলাই’ শীর্ষক একটি র‍্যালি বের করলে সেখানে বহিরাগতদের উপস্থিতি নিয়ে আপত্তি তোলে ছাত্রদলের নেতাকর্মীরা। এ নিয়ে প্রথমে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয় এবং কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শিবিরের কর্মসূচির অনুমতি নিয়েও কিছু শিক্ষকের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আশিক আহমেদ অভিযোগ করেন, শিবির বহিরাগতদের নিয়ে লাঠিতে পতাকা বেঁধে ক্যাম্পাসে মিছিল করেছে। বহিরাগতদের ছাড়া কর্মসূচি পালনের অনুরোধ জানালে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে ছাত্রদলের পাঁচ থেকে ছয়জন আহত হন বলে তিনি দাবি করেন।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বাবু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে ভিসি গেটের দিকে যাওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। তার দাবি, এ ঘটনায় শিবিরের অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটে এবং প্রক্টর পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়নি। ঘটনার বিচার চেয়ে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তবে সংঘর্ষের জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার দুপুর ১টা পর্যন্ত ছাত্রশিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসের বাইরে এবং ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছিলেন। এ সময় ছাত্রদল শিবিরবিরোধী বিক্ষোভ মিছিলও করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বেলাল হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

 

এই বিভাগের আরো খবর