বন্যা ও পাহাড় ধসে প্রাণহানি বেড়ে ৫৭, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

সময়ের চিত্র ডেস্ক:

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৫৭ জনে পৌঁছেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে জানা গেছে, এ দুর্যোগে ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এবং কয়েক হাজার পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে প্রকাশিত মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, বন্যাকবলিত এলাকায় মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জন। সাত জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ৪ হাজার ৭৯টি পরিবার আশ্রয় নিয়েছে।

মৌসুমি বায়ু ও নিম্নচাপের প্রভাবে কয়েক দিনের টানা ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ৫৭টি উপজেলার ৩৩৪টি ইউনিয়ন এবং ৯টি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে রাঙ্গামাটিতে ৩ জন, বান্দরবানে ৬ জন, কক্সবাজারে ৩২ জন (এর মধ্যে ১৯ জন স্থানীয় বাসিন্দা ও ১৩ জন রোহিঙ্গা), চট্টগ্রামে ১৫ জন এবং মৌলভীবাজারে ১ জন রয়েছেন।

আহতদের মধ্যে কক্সবাজারে ২৫ জন, চট্টগ্রামে ১২ জন, বান্দরবানে ২ জন এবং খাগড়াছড়িতে ১ জনের তথ্য পাওয়া গেছে।

ত্রাণ সহায়তার অংশ হিসেবে সরকার বন্যাকবলিত সাত জেলায় ১ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। পাশাপাশি ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

এই বিভাগের আরো খবর