উত্তরায় মহাসড়ক অবরোধ করে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

সময়ের চিত্র ডেস্ক:

পূর্বঘোষিঅত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দিনের পরীক্ষা শেষ হওয়ার পর দুপুর দেড়টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে তারা সড়কে অবস্থান নেন।

শিক্ষার্থীরা মহাসড়কের চারটি লেনেই অবস্থান নেওয়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে রাজউক উত্তরা মডেল কলেজ, নবাব হাবিবুল্লাহ কলেজ ও উত্তরা হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন। একই সঙ্গে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ কর্মসূচি বাস্তবায়নের কথাও জানান।

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের ভোগান্তির কথা উল্লেখ করে আন্দোলনকারীরা এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসছেন। তাদের অভিযোগ, দাবি আদায়ে একাধিক কর্মসূচি পালন করা হলেও এখনো কোনো সমাধান পাওয়া যায়নি।

অন্যদিকে সরকার জানিয়েছে, বন্যার কারণে চট্টগ্রাম বিভাগের পরীক্ষা স্থগিত থাকলেও দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলবে।

এ অবস্থায় পরীক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, দাবি পূরণ না হলে তারা ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রাখবেন। এদিকে বুধবার নির্ধারিত সূচি অনুযায়ী এইচএসসি ও সমমান পরীক্ষার ষষ্ঠ দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এই বিভাগের আরো খবর