আন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে লংমার্চের ঘোষণা

সময়ের চিত্র ডেস্ক:

পরীক্ষা স্থগিতের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই আজ বুধবার (১৫ জুলাই) দেশের ১০টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের বিভিন্ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই দিনে পরীক্ষা শেষে রাজধানীর উত্তরা থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্তঃশিক্ষা বোর্ডের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ১০টায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হয়। একই সময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে।

তবে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আজকের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির ভাষ্য, চট্টগ্রাম ছাড়া অন্যান্য সব শিক্ষা বোর্ডে পরীক্ষা গ্রহণের উপযোগী পরিবেশ রয়েছে। এ কারণে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকেও একই সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবির মধ্যে রয়েছে— বন্যা ও জলাবদ্ধতার প্রভাব পুরোপুরি কাটার আগ পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ঘোষণায় আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ পরীক্ষা শেষে দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ শুরু হবে। ‘শিক্ষা আমাদের অধিকার, অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হোন’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে এইচএসসি পরীক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর