সময়ের চিত্র ডেস্ক:
চট্টগ্রামের আনোয়ারায় গড়ে উঠতে থাকা চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে পরিবেশবান্ধব ও টেকসই অবকাঠামো নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শিল্পাঞ্চলে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা চালু, আধুনিক পানি শোধনাগার স্থাপন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাধ্যতামূলক করার ওপর গুরুত্বারোপ করেছেন।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে ‘চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের সহায়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ অনুমোদন পায়। তবে পরিবেশ সুরক্ষা ও টেকসই জ্বালানি ব্যবস্থার বিষয়গুলো প্রকল্প বাস্তবায়নে অন্তর্ভুক্ত করার শর্ত আরোপ করা হয়েছে।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি জানান, শিল্পায়নের গতি বাড়ানো এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নিয়ে প্রায় ৪ হাজার ১৮৯ কোটি টাকার এই প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন থাকবে প্রায় ১ হাজার ৭২২ কোটি টাকা এবং বাকি অর্থ ঋণ ও অনুদানের মাধ্যমে সংগ্রহ করা হবে।
প্রধানমন্ত্রী প্রকল্প এলাকায় শিল্পবর্জ্য ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক মানসম্মত একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আধুনিক বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন করে পরিশোধিত পানি পুনর্ব্যবহারের ব্যবস্থা নিশ্চিত করার কথাও বলেছেন।
তিনি প্রকল্পের নকশায় পরিবেশগত ঝুঁকি বা ঘাটতি থাকলে তা সংশোধনের নির্দেশ দেন এবং শিল্পাঞ্চলে সৌরশক্তিভিত্তিক নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের জন্য ব্যাপকভাবে সৌর প্যানেল স্থাপনের ওপর জোর দেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, বর্জ্য ব্যবস্থাপনা, পানি শোধন ও পুনর্ব্যবহার সুবিধা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করার বিষয়গুলো চূড়ান্ত বাস্তবায়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেই প্রকল্পটি এগিয়ে নেওয়া হবে।