কিশোরী ধর্ষণ-হত্যার ঘটনায় আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, দগ্ধ ৩ প্রতিবেশীর মৃত্যু

সময়ের চিত্র ডেস্ক:
পাবনায় এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগের পর সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে রোববার (৮ জুন) একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
নিহতরা হলেন সদর উপজেলার পূর্ব রাঘবপুর এলাকার সুমন শেখ এবং নতুনপাড়া এলাকার সাইফুল ইসলাম সাব্বির ও সাপু।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ৩ জুন পদ্মা নদী থেকে নবম শ্রেণির এক ছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। পরদিন দাফন শেষে উত্তেজিত কিছু মানুষ অভিযুক্তদের বাড়িতে আগুন দেয়। এ সময় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আশপাশে থাকা কয়েকজন দগ্ধ হন।
দগ্ধদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অগ্নিকাণ্ডের সময় অভিযুক্ত পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। আহতদের বেশিরভাগই ছিলেন প্রতিবেশী ও ঘটনাস্থলে উপস্থিত উৎসুক মানুষ।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, দগ্ধ তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।
এর আগে পদ্মা নদী থেকে উদ্ধার হওয়া কিশোরীর মৃত্যুর ঘটনায় তার কথিত প্রেমিক নাইমসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তের সময় তারা ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।

এই বিভাগের আরো খবর