সময়ের চিত্র ডেস্ক:
ভোলার প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর আড়াইটার দিকে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
জানা যায়, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে তাঁর মরদেহবাহী হেলিকপ্টার ভোলায় পৌঁছায়। পরে মরদেহ অ্যাম্বুলেন্সযোগে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হলে দলীয় নেতাকর্মী, আত্মীয়স্বজন ও সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানান।
পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে সদর উপজেলার কোড়ালিয়া গ্রামে নিজ বাড়িতে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাঁর মায়ের কবরের পাশে দাফন সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বয়সজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি এক কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।