সময়ের চিত্র ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য আজ শপথ গ্রহণ করবেন।
আজ রোববার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করানো হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
এর আগে গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের নির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশ করে। গেজেট অনুযায়ী, ৪৯ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আসন বণ্টন অনুযায়ী, বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র হিসেবে একজন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বিএনপি জোট থেকে নির্বাচিতদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নিপুন রায় চৌধুরী, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, মাধবী মারমাসহ আরও অনেকে।
অন্যদিকে জামায়াত জোট থেকে নির্বাচিত হয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, নাজমুন নাহার, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, তাসমিয়া প্রধানসহ ১২ জন নারী সদস্য।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সুলতানা জেসমিন।
একই সঙ্গে সংরক্ষিত নারী আসনের আরেক প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।