দুই হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এদিকে আইভীর বিরুদ্ধে থাকা আরও পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকবে কি না, সে বিষয়ে আগামী রোববার (৩ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ আদেশ দেবেন।

এর আগে গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে আইভীকে আটক করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে কয়েকটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনের পর আপিল বিভাগ সেগুলোর কার্যকারিতা স্থগিত করেন।

পরে আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি তিনি সেসব মামলায়ও জামিন পান। তবে রাষ্ট্রপক্ষের আবেদনে ওই জামিন আদেশও স্থগিত করা হয়।

এদিকে সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। এর মধ্যে এক মামলায় ২ মার্চ এবং অন্য মামলায় ১২ এপ্রিল নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এই বিভাগের আরো খবর