সময়ের চিত্র ডেস্ক:
বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক ও নিরাপদ করতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে শুরু হচ্ছে বহুজাতিক বৈঠক। আজ বুধবার শুরু হওয়া এ বৈঠক দুই দিনব্যাপী চলবে, যেখানে প্রায় ৩০টির বেশি দেশ অংশ নিচ্ছে।
ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ উদ্যোগে আয়োজিত এই বৈঠকে বিভিন্ন দেশের সামরিক পরিকল্পনাবিদ, প্রতিরক্ষামন্ত্রী এবং উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। বৈঠকের মূল লক্ষ্য হলো—হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা এবং এ সংক্রান্ত একটি সমন্বিত আন্তর্জাতিক পরিকল্পনা প্রণয়ন করা।
সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ইতোমধ্যে এক ডজনেরও বেশি দেশ জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে থাকলে তারা যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে গঠিত সম্ভাব্য আন্তর্জাতিক মিশনে যোগ দিতে আগ্রহী। একই সঙ্গে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের প্রায় ৫০টি দেশ এই উদ্যোগে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।
গত সপ্তাহে যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্যোগে আয়োজিত একটি ভার্চুয়াল বৈঠকে এসব দেশের প্রতিনিধিরা অংশ নেন। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ীই লন্ডনে সরাসরি এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানিয়েছেন, এই বৈঠকের প্রধান উদ্দেশ্য হলো হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচল নিশ্চিত করা এবং চলমান উত্তেজনা প্রশমনে একটি কার্যকর কূটনৈতিক সমাধান খুঁজে বের করা।
উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধির পর হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহে, ফলে বিভিন্ন দেশে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।