প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সময়ের চিত্র ডেস্ক:

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, আলোচনায় ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও কার্যকর ও ইতিবাচকভাবে এগিয়ে নেওয়ার বিষয়েও মতবিনিময় হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করা এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করা। তার মতে, দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক বজায় থাকলে অনেক গুরুত্বপূর্ণ ইস্যুর সমাধান সহজ হতে পারে।

রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে বর্তমান পরিস্থিতির পার্থক্য রয়েছে এবং এখন সম্পর্ককে নতুন বাস্তবতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন বলে জানান হুমায়ুন কবির। সফরে তিনি ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নেবেন। পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা-সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

তিনি আরও জানান, আসন্ন বৈঠকগুলোতে সীমান্ত হত্যা, দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।

এই বিভাগের আরো খবর