নিজস্ব প্রতিবেদক:
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মোতালেবের বিরুদ্ধে জন্মনিবন্ধনসহ বিভিন্ন সেবায় অতিরিক্ত অর্থ আদায়, হয়রানি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, জন্মনিবন্ধন সংশোধন বা নতুন নিবন্ধন করতে গেলে নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত টাকা দাবি করা হয়। টাকা দিতে অনীহা দেখালে নানা অজুহাতে সেবা প্রদান বিলম্বিত করা হয়।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ইউনিয়ন পরিষদে সেবা নিতে গেলে সচিব ইচ্ছাকৃতভাবে দীর্ঘ সময় বসিয়ে রাখেন। কখনো কখনো ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায় না। বিশেষ করে গরিব ও সাধারণ মানুষকে লক্ষ্য করে তিনি অসদাচরণ করেন বলেও অভিযোগ করেন তারা।
এক ভুক্তভোগী বলেন, “ওয়ারিশ সার্টিফিকেট নিতে গেলে বিভিন্নভাবে টাকা দাবি করেন। টাকা না দিলে ফাইল এগোয় না। উল্টো আমাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়।”
আরেকজন জানান, “আমরা সকাল থেকে বসে থাকি, কিন্তু কাজ হয় না। বারবার শুধু তারিখ দেওয়া হয়। এতে আমাদের সময় ও অর্থ—দুটোই নষ্ট হচ্ছে।”
এলাকাবাসীর অভিযোগ, অনেক সময় গরিব মানুষদের হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে। ফলে সাধারণ মানুষ সেবা পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এ বিষয়ে অভিযুক্ত সচিব মোঃ মোতালেবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, দ্রুত এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায় ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রমে মানুষের আস্থা আরও কমে যাবে বলে আশঙ্কা করছেন তারা।
এদিকে জিঞ্জিরা ইউনিয়ন পরিষদ পরিষদের হিসেব নিকেশ বুঝিয়ে না দেয়ায় ওই ইউনিয়নের কার্যক্রম পরিচালনায় ব্যাহত হচ্ছে বলে জানাযায়।