জাকির হোসেন, পিরোজপুর:
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বরাদ্দ দেওয়া কাপড় বিতরণে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য
মাসুদ সাঈদী
শনিবার (১৪ মার্চ) রাত প্রায় সাড়ে ৯টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারের ঈদ সামগ্রী শুধুমাত্র সরকারদলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় বরাদ্দ দেওয়া হয়েছে। এতে দেশের অন্যান্য এলাকার দরিদ্র মানুষেরা এই সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।
পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল মূলত দেশের সব অসহায় মানুষের জন্য। কিন্তু নির্দিষ্ট কিছু এলাকায় বরাদ্দ সীমাবদ্ধ থাকলে তা সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে এবং অন্য এলাকার দরিদ্র মানুষের প্রতি বৈষম্যের চিত্র ফুটে ওঠে।
তিনি আরও উল্লেখ করেন, এমন সিদ্ধান্ত দেশের মানুষের সঙ্গে এক ধরনের তামাশার শামিল এবং এটি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারের কাছে এ ধরনের সিদ্ধান্ত প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এর কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।
সংসদ সদস্য মাসুদ সাঈদীর দাবি, ঈদ সামগ্রী বিতরণে যেন দেশের সব এলাকার দরিদ্র মানুষের জন্য সমানভাবে বরাদ্দ নিশ্চিত করা হয়।