নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহে মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনের কর্মীদের সঙ্গে বাগ্বিতণ্ডার জেরে মারধরের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) রাত পৌনে ৯টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত নিরব আহমেদ (২২) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নিরব তাঁর দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে একটি ফিলিং স্টেশনে তেল নিতে যান। তবে সেখানে কর্মীরা তাঁকে তেল দিতে অস্বীকৃতি জানান। কিছুক্ষণ পর স্টেশনের কর্মীদের বোতলে তেল ভরতে দেখে নিরব এর কারণ জানতে চাইলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ফিলিং স্টেশনের কয়েকজন কর্মী বাঁশের লাঠি দিয়ে তাঁকে মারধর করেন।
গুরুতর আহত অবস্থায় বন্ধুরা নিরবকে উদ্ধার করে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সব্যসাচী পাল সুমন জানান, মুমূর্ষু অবস্থায় নিরবকে হাসপাতালে আনা হয়েছিল। তার কাঁধ ও মাথার পেছনে আঘাতের চিহ্ন ছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৯টা ৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। ঘটনার পর ওই ফিলিং স্টেশনের তিন বিক্রয়কর্মীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
এদিকে ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান বলেন, নিরব আন্দোলনের সময় সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। তিনি শহরের আদর্শপাড়া এলাকার একটি মেসে থাকতেন।