শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ জামায়াতের

সময়ের চিত্র ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় গভীর ও সুপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছে দলটি। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে এ হ্যাকিংয়ের মাধ্যমে দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এহসানুল মাহবুব জুবায়ের জানান, জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্টটি অত্যন্ত পরিকল্পিতভাবে হ্যাক করা হয়েছে। এ ঘটনায় জামায়াতের তথ্যপ্রযুক্তি টিম তদন্ত শুরু করেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। তাঁর দাবি, কয়েক দিন ধরেই এ হ্যাকিংয়ের প্রস্তুতি চলছিল।

তিনি বলেন, অ্যাকাউন্ট দখলের পর সেখানে কিছু আপত্তিকর ও অনাকাঙ্ক্ষিত পোস্ট দেওয়া হয়, যা থেকে স্পষ্ট বোঝা যায়—এর পেছনে গভীর ষড়যন্ত্র কাজ করছে। এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, একটি বিশেষ মহল বা তাদের সাইবার টিমের কিছু সদস্য এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম উল্লেখ করেননি।

জামায়াত নেতা জানান, এ ঘটনায় শনিবার রাতেই সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি আইনি প্রক্রিয়াসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা চরম দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক কাজ। এর মাধ্যমে জামায়াতে ইসলামীর ভাবমূর্তি নষ্ট করে জনগণের কাছে দলটিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।

নারীদের মর্যাদা ও সম্মান প্রসঙ্গে জামায়াতের অবস্থান পরিষ্কার উল্লেখ করে তিনি বলেন, দলের আমির বিভিন্ন নির্বাচনি জনসভায় বারবার নারীদের সম্মান রক্ষার কথা তুলে ধরছেন। এ অবস্থানকে বিতর্কিত করতে এবং জামায়াতকে প্রশ্নবিদ্ধ করতেই একটি চক্র পরিকল্পিতভাবে এ ধরনের অপকর্মে জড়িয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হবে জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আবদুল হালিমসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর