টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত, আইসিসিকে জানাল বিসিবি

খেলা ধুলা ডেস্ক:

আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচই পড়েছে ভারতে। তবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে দেশটিতে দল পাঠানো সম্ভব নয় বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (৪ জানুয়ারি) আইসিসির কাছে পাঠানো এক ইমেইলে বিসিবি তাদের অবস্থান স্পষ্ট করে। চিঠিতে বলা হয়, বর্তমান নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে বিশ্বকাপে অংশ নেওয়া ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধও জানানো হয়েছে।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) রাতে অনলাইনে বিসিবির পরিচালকদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বেশিরভাগ পরিচালক শুরুতে কঠোর সিদ্ধান্ত নেওয়ার পক্ষে না থাকলেও পরবর্তীতে সরকারের হস্তক্ষেপে অবস্থান পরিবর্তন হয়। শেষ পর্যন্ত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বোর্ড।

উল্লেখ্য, পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরুর কথা ছিল। একই ভেন্যুতে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষেও খেলবে লিটন দাসের নেতৃত্বাধীন দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মুম্বাইয়ে খেলার সূচি রয়েছে বাংলাদেশের।

তবে বিসিবির সাম্প্রতিক সিদ্ধান্তের পর বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তন নিয়ে এখন আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা।

এই বিভাগের আরো খবর