জর্জিয়ায় তুর্কি সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২০ সেনা সদস্য

সময়ের চিত্র ডেস্ক:

আজারবাইজান থেকে উড্ডয়নের পর জর্জিয়ার কাখেতি অঞ্চলে তুরস্কের একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ২০ জন তুর্কি সেনা সদস্যের সবাই নিহত হয়েছেন।

 

বুধবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এ তথ্য নিশ্চিত করেন।

 

এর আগের দিন, মঙ্গলবার সিঘনাঘি মিউনিসিপ্যালিটির কাছে তুর্কি সি–১৩০ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমানে ২০ জন সেনা সদস্য ছিলেন।

 

প্রাথমিক ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি আকাশে ঘুরতে ঘুরতে নিচে পড়ে গিয়ে বিস্ফোরিত হয়। দুর্ঘটনাস্থলে ঘাসের ওপর ছড়িয়ে ছিল বিমানের ধ্বংসাবশেষ, কিছু স্থানে তখনও আগুন ও ধোঁয়া দেখা যায়।

 

এক্স-এ (পূর্বে টুইটার) দেওয়া পোস্টে প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার লেখেন,

“আজারবাইজান থেকে দেশে ফেরার পথে আমাদের সি–১৩০ সামরিক বিমানটি জর্জিয়া–আজারবাইজান সীমান্তের কাছে বিধ্বস্ত হয়ে বীর সহযোদ্ধারা শহীদ হয়েছেন।”

 

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

এই বিভাগের আরো খবর