বিনোদন ডেস্ক:
দক্ষিণী তারকা রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডাকে ঘিরে ফের উঠেছে নতুন আলোচনার ঝড়। শোনা যাচ্ছে, হায়দরাবাদে পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে নাকি বাগদান সম্পন্ন করেছেন এই তারকা যুগল। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউই মুখ খোলেননি।
দু’জনের পর্দার রসায়ন দর্শকদের কাছে বরাবরই জনপ্রিয়। ‘গীত গোবিন্দম’ ছবিতে জুটি বেঁধে অভিনয়ের পর থেকেই তাঁদের বাস্তব জীবনের সম্পর্ক নিয়েও গুঞ্জন শুরু হয়। প্রায় আট বছর ধরে তারা নাকি একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত।
রশ্মিকার জীবনে প্রেমের সূচনা হয়েছিল অন্য কারও সঙ্গে— অভিনেতা ও প্রযোজক রক্ষিত শেট্টির সঙ্গে। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কিরিক পার্টি’ ছবির শুটিং থেকেই দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরের বছর জুলাইয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আংটিবদলও হয়েছিল তাঁদের। উপস্থিত ছিলেন প্রায় আড়াই হাজার অতিথি।
তবে এই সম্পর্ক টিকেছিল মাত্র এক বছর। ২০১৮ সালে হঠাৎ করেই বিচ্ছেদের ঘোষণা দেন দু’জন। সেই সময় থেকেই শোনা যেতে থাকে, রশ্মিকার জীবনে নাকি নতুন করে জায়গা করে নিচ্ছেন সহ-অভিনেতা বিজয় দেবরকোন্ডা।
‘গীত গোবিন্দম’-এর সাফল্যের পর থেকেই দু’জনকে একসঙ্গে দেখা যেতে থাকে বিভিন্ন জায়গায়— রেস্তোরাঁ, ছুটি কাটাতে বিদেশে এমনকি বিজয়ের পরিবারের সঙ্গেও দেখা গেছে রশ্মিকাকে। যদিও তাঁদের কেউই কখনও প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি।
রশ্মিকা তখন কেরিয়ারের শীর্ষে। দক্ষিণী চলচ্চিত্র অঙ্গন ছাড়িয়ে বলিউডেও নিজের অবস্থান শক্ত করেন তিনি। অন্যদিকে বিজয়ও ক্রমে জনপ্রিয়তার শিখরে।
অভিনেত্রী রশ্মিকা এক সাক্ষাৎকারে বলেন, “আমি এখন কাজেই মন দিতে চাই। ব্যক্তিগত জীবনের বিষয়ে কথা বলার এটা সময় নয়।” তাঁর এই মন্তব্যে আরও জোর পায় তাঁদের সম্পর্ক ঘিরে নানা জল্পনা।
বলিউড পরিচালক করণ জোহরের টক শোয়ে বিজয় ও অনন্যা পাণ্ডেকে নিয়ে আলোচনাও সেই সময় বেশ চর্চিত হয়। অনন্যার সঙ্গে বন্ধুত্বের প্রসঙ্গ উঠলেও বিজয়ের নামের পাশে রশ্মিকার নামটিই রয়ে যায় সবচেয়ে বেশি আলোচিত।
সাম্প্রতিক সূত্রে জানা গেছে, হায়দরাবাদের এক গোপন অনুষ্ঠানে পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে রশ্মিকা ও বিজয় আংটিবদল সম্পন্ন করেছেন। তবে তারা দু’জনই এখনো বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু জানাননি।
শোবিজ মহলের ধারণা, আগের সম্পর্কের অভিজ্ঞতা থেকেই রশ্মিকা এখন অনেক বেশি সাবধান। তাই হয়তো এবার সম্পর্কটিকে আলোচনার বাইরে রাখতে চাইছেন। অনেকে অনুমান করছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই হয়তো তাঁদের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।