সময়ের চিত্র ডেস্ক :
চাঁদপুরের ফরিদগঞ্জে সুদের টাকার জেরে গৃহবধূ শাহনাজ বেগম লাকিকে (৩৬) পুড়িয়ে হত্যার ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্ত সুদকারবারি নাছিমা বেগমের (৪২) বাড়িতে আগুন দিয়েছে। বুধবার রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামে এ ঘটনা ঘটে।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের কমান্ডার কামরুল ইসলাম বিষয়টি বৃহস্পতিবার (২ অক্টোবর) নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর রাতে সুদের টাকা পরিশোধ না করায় নাছিমা বেগম ও তার সহযোগীরা শাহনাজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। গুরুতর দগ্ধ অবস্থায় তিনি রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর বুধবার বিকেলে তিনি মারা যান।
খবর এলাকায় পৌঁছালে উত্তেজিত জনতা নাছিমা বেগমের বাড়ির সামনে জড়ো হয়ে লুটপাট চালায় এবং পরে বসতঘরে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা কামরুল ইসলাম জানান, জনতার উত্তেজনার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম জানিয়েছেন।