রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের ২৭ মিলিয়ন পাউন্ড সহায়তা

সময়ের চিত্র ডেস্ক:

মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাজ্য ২৭ মিলিয়ন পাউন্ড সহায়তা দেবে। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

 

নতুন এই সহায়তার আওতায় কক্সবাজারসহ আশপাশের এলাকায় বসবাসরত রোহিঙ্গা শরণার্থী এবং ঝুঁকিপূর্ণ স্থানীয় জনগোষ্ঠীর জন্য খাদ্য, আশ্রয়, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন ও অন্যান্য জরুরি সেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি ১ লাখ ৭৫ হাজার নারী ও কিশোরীর জন্য প্রজনন স্বাস্থ্যসেবা এবং সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেও গুরুত্ব দেওয়া হবে।

 

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার জানান, এ অর্থায়ন সরাসরি মাঠপর্যায়ে ব্যবহার হবে এবং রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, যুক্তরাজ্য বাস্তুচ্যুত জনগণের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় কাজ করে যাবে।

 

২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকটে যুক্তরাজ্যের মোট সহায়তা দাঁড়াল ৪৪৭ মিলিয়ন পাউন্ডেরও বেশি। সর্বশেষ এই উদ্যোগ বাংলাদেশের পাশাপাশি বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও নিরাপত্তা গড়ে তোলার প্রতিশ্রুতিকে জোরদার করছে।

 

সহায়তাটি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), ইউএনএইচসিআর, ইউনিসেফ, ইউএনএফপিএসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হবে। এর মূল ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে ক্যাম্প ব্যবস্থাপনা, খাদ্য ও শিক্ষা সহায়তা, দক্ষতা উন্নয়ন, প্রতিবন্ধী সেবা এবং জলবায়ু সহনশীল কৃষি।

 

যুক্তরাজ্যের কর্মকর্তারা উল্লেখ করেছেন, মিয়ানমারে বাস্তুচ্যুতির মূল কারণ নিরসন এবং রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছানো জরুরি। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক অংশীদারিত্ব, উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও কমনওয়েলথ সম্পর্ক জোরদারের বিষয়েও তারা গুরুত্ব আরোপ করেছেন।

এই বিভাগের আরো খবর